Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হাকর নদী, রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, শার্শা (যশোর) প্রতিনিধি

দখল, দূষণ ও অবহেলায় অস্তিত্ব সংকটে পড়েছে বেনাপোলের ঐতিহ্যবাহী হাকর নদী। একসময় এ অঞ্চলের প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত নদীটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, নাব্যতা রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল পৌর এলাকায় এ কর্মসূচি চলে। এতে নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নদী দূষণ বন্ধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী, বেনাপোল ক্রীড়া একাডেমির সদস্য, মোটরসাইকেল চালকদের সংগঠন ‘বাইকার হুড’-এর নেতাকর্মী এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।

কর্মসূচিতে ইমদাদুল হক ইমদাদ বলেন, হাকর নদী শুধু একটি জলধারা নয়, এটি বেনাপোলের ঐতিহ্য, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিনের দখল, দূষণ ও অবহেলায় নদীটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারাতে বসেছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নদীটির অস্তিত্ব ও ঐতিহ্য কেবল স্মৃতি হয়ে থাকবে।

তিনি আরও বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষার দায়িত্ব সবার। বেনাপোলের মানুষের স্বার্থে হাকর নদী রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়াতে তাঁর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অভিযানে অংশগ্রহণকারীরা নদীর তীরবর্তী এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের নদীতে প্লাস্টিক, পলিথিনসহ কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানান। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে দখল ও দূষণ রোধেও সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন তাঁরা।

স্থানীয়দের মতে, হাকর নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, নিয়মিত পরিচর্যা এবং কার্যকর নজরদারি। এক দিনের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ধারাবাহিকভাবে নদী রক্ষার কর্মসূচি বাস্তবায়ন জরুরি।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, হাকর নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি দখল ও দূষণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।