নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনায় বৃহস্পতিবার দিনভর উত্তেজনার পর শুক্রবার পরিস্থিতি শান্ত ছিল। সাপ্তাহিক ছুটির দিনে জেলার কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল ছিল স্বাভাবিক। তবে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় গাজীপুর মহানগর এলাকায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মহানগর পুলিশের আটটি থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা বা সহযোগিতার অভিযোগে পাঁচজন, একজন ছিনতাইকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন রয়েছেন।
এদিকে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠান। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারা কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা ও টহল জোরদারের জন্য এ সহযোগিতা চাওয়া হয়েছে। কাশিমপুর কারা কমপ্লেক্সের চারটি কেন্দ্রীয় কারাগারে প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে রাজনৈতিক মামলায় আটক ব্যক্তিরাও রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মাওনা, বাঘের বাজার, গড়ারিয়া মাস্টারবাড়ী, আনসার রোড ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল বিঘ্নিত হয়। মাওনা-শ্রীপুর সড়কের চান্নাপাড়া ও ব্যাপারীবাড়ী এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন শ্রমিক সামান্য আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে বৃহস্পতিবার পর্যন্ত গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে নতুন করে বন্ধ হওয়া পাঁচটি কারখানা হলো—ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড, হ্যাবিটাস ফ্যাশন লিমিটেড, কনসিস্ট অ্যাপারেলস লিমিটেড, অ্যাস্ট্রো নিটওয়্যার লিমিটেড ও ইন্টারলুপ বিডি। এ ছাড়া ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কারখানাগুলোতে শ্রমিক উপস্থিতি ও উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক দিনের মতো ছিল না।
শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, বাঘের বাজার এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিরাপত্তায় ৩৫ প্লাটুন সদস্য মোতায়েন ছিলেন। এর মধ্যে ১২ প্লাটুন বিজিবি, ১৩ প্লাটুন আনসার ও ১০ প্লাটুন এসআরবি সদস্য দায়িত্ব পালন করেন।
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরে অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে।

