Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টি, পাকা আমন ও সবজি নিয়ে বিপাকে মাগুরার কৃষক

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মাগুরায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। মাঠজুড়ে এখন আমন ধান কাটার মৌসুম। একই সঙ্গে চলছে আগাম শীতকালীন সবজির পরিচর্যা। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকা, দফায় দফায় বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন জেলার কৃষকেরা। পাকা ধান হেলে পড়া, কেটে রাখা ধান ভিজে যাওয়া এবং নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে সৃষ্ট মেঘমালার কারণে খুলনা বিভাগের মাগুরাসহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি ও বৈরী আবহাওয়া আগামী রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার চার উপজেলায় ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৩ হাজার ৬৬৫, মহম্মদপুরে ১২ হাজার ৩৮৫, শালিখায় ১৪ হাজার ৮৯০ এবং শ্রীপুরে ১১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।

কৃষি বিভাগের হিসাবে, অনুকূল আবহাওয়া ও কৃষকদের পরিচর্যায় এবার হেক্টরপ্রতি গড়ে ৫ দশমিক ৭৫ মেট্রিক টন ফলনের আশা করা হচ্ছে। সে হিসাবে জেলায় মোট ৩ লাখ ৫৯ হাজার ২২৫ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভালো ফলনের সম্ভাবনা থাকলেও বৈরী আবহাওয়ায় পাকা ধান হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেটে রাখা ধান দ্রুত ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকেরা। সময়মতো রোদ না পাওয়া, ধানক্ষেতে পানি জমা এবং কাটা ধান ভিজে যাওয়ায় ফলন ও গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। কোথাও কোথাও শ্রমিক সংকটের কারণেও ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে।

শুধু আমন ধান নয়, আগাম শীতকালীন সবজি নিয়েও উদ্বিগ্ন চাষিরা। জেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ এবং বীজতলা রয়েছে। বৃষ্টি দীর্ঘায়িত হলে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। সার-বীজের খরচ ও ঋণের বোঝা নিয়ে ফসল ঘরে তোলার অপেক্ষায় থাকা কৃষকদের কাছে এ পরিস্থিতি নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মাগুরা সদর উপজেলার কৃষক রফিকুল ইসলাম বলেন, “সারা বছর পরিশ্রম ও পুঁজি খাটিয়ে আমন ধান ফলিয়েছি, ফলনও ভালো হয়েছিল। এখন কাটার মুখে বৃষ্টি ও দমকা বাতাসে ধান হেলে পড়ার ভয়ে আছি। কেটে রাখা ধান ভিজে গেলে আর রোদ না পেলে আমাদের সব শেষ হয়ে যাবে।”

মহম্মদপুর উপজেলার কৃষক দুলাল শেখ বলেন, “মাঠে পাকা ধান রয়েছে, কিন্তু বৃষ্টির কারণে ঠিকমতো কাটা ও মাড়াই করা যাচ্ছে না। শ্রমিকেরও চাপ রয়েছে। আবহাওয়া দ্রুত ঠিক না হলে এবং ন্যায্য দাম না পেলে আমাদের লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।”

শালিখা উপজেলার কৃষক শহিদুল মোল্লা বলেন, “ধারদেনা করে সার-বীজের বাড়তি খরচ মিটিয়ে আমনের পাশাপাশি আগাম শীতকালীন সবজির আবাদ করেছি। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমলে সবজির চারা পচে যাওয়ার শঙ্কা রয়েছে। ফসল ঘরে তুলতে না পারলে পরিবার নিয়ে বড় বিপদে পড়ব।”

মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কবার্তা হিসেবে জানানো হয়েছে। যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাকি পাকা ধান কাটার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হবে।

মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু বলেন, বর্তমান মেঘলা আকাশ ও বৃষ্টির আবহাওয়ায় কৃষকদের সতর্ক থাকতে হবে। যেসব জমির আমন ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে, বৃষ্টি থামার ফাঁকে সেগুলো কেটে নিরাপদ ও উঁচু স্থানে রাখতে হবে। কাটা ধান যেন দীর্ঘ সময় ভিজে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি শীতকালীন সবজি ও বীজতলা থেকে দ্রুত অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, চার উপজেলায় এবার ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৫৫ শতাংশ বা সাড়ে ৩২ হাজার হেক্টর জমির ধান কাটা ও ঘরে তোলা সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ায় মাঠে থাকা পাকা ধান এবং কেটে রাখা ধান নিয়ে কৃষকদের উদ্বেগের বিষয়টি কৃষি বিভাগ অবগত রয়েছে। ক্ষতি এড়াতে পাকা ও কাটা ধান দ্রুত নিরাপদে ঘরে তোলার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ কাজে প্রতিটি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

তিনি আরও বলেন, সরিষা, মসুর ও শীতকালীন শাকসবজিসহ যেসব রবি ফসলের বীজ এখনো বপন করা হয়নি, আবহাওয়া অনুকূলে এলে সেগুলো বপনের পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টি শেষে জমিতে জো ফিরলে নতুন করে ফসল আবাদে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ভারী বৃষ্টিতে ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তারা কাজ করছেন।

মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সতর্ক রয়েছে। কৃষকদের পাকা ফসল ও সবজি সুরক্ষায় কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো এলাকায় জলাবদ্ধতা বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমন ও শীতকালীন সবজি গ্রামীণ অর্থনীতি এবং কৃষকের পারিবারিক খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। তাই বৈরী আবহাওয়ার এ সময়ে পাকা ধান দ্রুত ঘরে তোলা এবং সবজি ও বীজতলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এখন কৃষকদের প্রধান লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।