যশোর প্রতিনিধি
বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ’ হিসেবে আখ্যায়িত করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে রাজনীতি করেছেন তরিকুল ইসলাম। আন্দোলন-সংগ্রাম ও দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি নিজেকে একজন দক্ষ রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তুলেছিলেন।
শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। একই সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, খুন ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বক্তব্যে রিজভী বলেন, অনেকেই সংসদ সদস্য বা মন্ত্রী হন, কেউ ব্যবসা কিংবা অন্য পেশা থেকে রাজনীতিতে আসেন। কিন্তু প্রকৃত রাজনীতিবিদ ছাত্রজীবন থেকেই নানা সংগ্রাম ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গড়ে ওঠেন। তরিকুল ইসলাম ছিলেন তেমনই একজন ধ্রুপদি রাজনীতিবিদ।
ওয়ান-ইলেভেনের সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই সময় মিথ্যা অভিযোগে তরিকুল ইসলামসহ বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় তরিকুল ইসলাম নেতাকর্মীদের বলেছিলেন, ‘তোরা যা-ই করিস, দুই বছরের আগে বেরোতে পারবি না।’ দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা থেকেই তিনি এমন ধারণা করেছিলেন। বাস্তবেও দুই বছরের আগে কেউ মুক্তি পাননি বলে উল্লেখ করেন রিজভী।
তরিকুল ইসলামের শিক্ষাজীবন ও ছাত্ররাজনীতির প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, তিনি যশোর জিলা স্কুল ও এমএম কলেজে পড়াশোনা করেছেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতিতে সক্রিয় হন। আইয়ুব খানের শাসনামলে ছাত্রদের ওপর নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে ভুবনমোহন ক্যাম্পাসে তার বক্তব্য শুনতে মানুষের ভিড় জমত।
তরিকুল ইসলামের সাংস্কৃতিক মনন ও সাহিত্যানুরাগের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, রাজনীতির পাশাপাশি সাহিত্য নিয়েও নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করতেন তরিকুল ইসলাম। সমরেশ মজুমদারের উপন্যাস কিংবা টিএস এলিয়টের কবিতা পড়েছেন কি না, জুনিয়রদের কাছে তা জানতে চাইতেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তরিকুল ইসলামের অবদান জাতীয় পর্যায়ে যথাযথভাবে আলোচিত ও গবেষিত হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, ভারতে অবস্থানকালে সংগঠন গড়ে তোলা এবং তরুণদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত করার কাজে ভূমিকা রেখেছিলেন তরিকুল ইসলাম। এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে তরিকুল ইসলামের ভূমিকার কথাও স্মরণ করেন রিজভী। তিনি বলেন, আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে খালেদা জিয়া তরিকুল ইসলামের কথা স্মরণ করতেন। ২০১৪ সালে কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তারের পর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তিনি সারাদেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও আন্দোলনের সমন্বয়ে ভূমিকা রেখেছিলেন। দলের শীর্ষ নেতৃত্বের এমন আস্থা অর্জন সবার পক্ষে সম্ভব নয়।
স্মরণসভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, এনসিপির আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

