যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নে ১ হাজার ৯০৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন এবং পাস করেছেন ৬২৮ জন। এছাড়া নম্বর পরিবর্তন হয়েছে ৪ হাজার ৮১০ জনের।
সোমবার পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নের ফল প্রকাশের সময় এসব তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী।
তিনি জানান, এবার পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র মূল্যায়নের জন্য ২৬ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী ৯৭ হাজার ৬১৮টি পত্রের জন্য আবেদন করেন। তাঁদের মধ্যে ১ হাজার ৯০৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ৪ হাজার ৮১০ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন এবং পাস করেছেন ৬২৮ জন।
নতুন করে জিপিএ-৫ পাওয়া ৫১৫ জনের মধ্যে আগে অকৃতকার্য ছিলেন একজন। এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন, এ মাইনাস থেকে ছয়জন এবং বি গ্রেড থেকে একজন।
এছাড়া নতুন করে পাস করা ৬২৮ জনের মধ্যে একজন জিপিএ-৫, একজন এ, দুজন এ মাইনাস, ১৮৩ জন বি, ৭১ জন সি এবং ৩৭০ জন ডি গ্রেড পেয়েছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, পুনর্নিরীক্ষণে ডি গ্রেড থেকে সি গ্রেড পেয়েছেন ৫১ জন, সি থেকে এ গ্রেড একজন, সি থেকে বি গ্রেড ১২৪ জন, বি থেকে এ গ্রেড তিনজন, বি থেকে এ মাইনাস ২৪৫ জন এবং এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছেন ৩৪৩ জন।
অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, বোর্ডের যথাযথ বিধি অনুসরণ করে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। প্রাপ্যতা অনুযায়ী ১ হাজার ৯০৯ জনের ফল পরিবর্তন হয়েছে। যেসব শিক্ষকের ভুলের কারণে উত্তরপত্র মূল্যায়নে ত্রুটি হয়েছে, তাঁদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

