পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবেদুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা গেছে, চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

