শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
দেশজুড়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ থেকে ১২টা পর্যন্ত সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মোতাহার হোসেন সুমন।
বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক সবুজ সরদার, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী শিপন, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রিফাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নারী ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে সরকারের কাছে দাবি জানান।

