জুলফিকার বাবলু, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র-জনতার বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে মাদারগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের বিএনপির মনোনীত সংসদ প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোঃ আঃ মান্নান, পৌর বিএনপির সভাপতি আঃ গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মাসুদ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলন অব্যাহত থাকবে। দেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি রাজপথে থাকবে বলে জানান তারা।

