Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন পেল সরকারি নিবন্ধন

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে নওগাঁর ‘রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন’। জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রোববার আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির।

ইউএনও মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারব হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মতিউর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১২ আগস্ট প্রাথমিক কার্যক্রম শুরু করা সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ২০২৫ সালের ২৫ জুলাই। প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ এবং সহ-প্রতিষ্ঠাতা মো. মুন্না আহমেদ প্রাংসহ একদল তরুণের উদ্যোগে পরিচালিত সংগঠনটির মূল লক্ষ্য স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম সম্প্রসারণ, জরুরি রক্তসংকট নিরসন এবং যুবসমাজকে মানবিক ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করা।

সংগঠনটি নিজস্ব ওয়েবসাইটে তৈরি করেছে অনলাইন রক্তদাতাদের ডেটাবেজ। বর্তমানে অনলাইন ও অফলাইন মিলিয়ে সেখানে ১ হাজার ৫০৭ জন রক্তদাতার তথ্য রয়েছে। এর মধ্যে ৮৭৩ জন সরাসরি অনলাইনে নিবন্ধিত। রক্তের প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য ওয়েবসাইটে চালু রয়েছে লাইভ চ্যাট সুবিধাও।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ বলেন, শুরু থেকেই রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁদের সাহস, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করেছেন। সরকারি নিবন্ধন তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে রাণীনগর ও আত্রাইয়ের গণ্ডি পেরিয়ে বৃহত্তর পরিসরে মানবিক সেবা ছড়িয়ে দিতে চান তাঁরা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির বলেন, তরুণদের এমন প্রযুক্তিনির্ভর মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সরকারি নিবন্ধনের ফলে সংগঠনটির কার্যক্রমের পরিধি ও গ্রহণযোগ্যতা বাড়বে। তাদের গঠনমূলক কাজে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে।

ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, প্রযুক্তির মাধ্যমে রক্তদাতা ও গ্রহীতার মধ্যে যোগাযোগ সহজ করার উদ্যোগটি স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনের সদস্যদের স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত আটজন যুবক ও যুব নারীর মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৯ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা যুব মেলায় উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।