যশোর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে যশোর জেলায় শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের এই প্রাক্কালে জেলা জুড়ে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। শিল্পীরা ধীরে ধীরে দেবী দুর্গা ও তার সহচর-সহচরীদের প্রতিমা নিপুণ হাতে তৈরি করছেন। অনেক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও, এখনো বাকি রয়েছে রং-তুলির চূড়ান্ত কাজ।
দুর্গোৎসব ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে। আয়োজকদের আশা, এবারের উৎসবও শান্তিপূর্ণ ও আনন্দমুখর হবে।
প্রতিমা শিল্পীরা খড়, কাদা ও মাটির মাধ্যমে প্রতিমার অবয়ব গড়ে তোলার পর রং-তুলির মাধ্যমে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের সৌন্দর্য ফুটিয়ে তোলেন। শিল্পী প্রদীপ পাল জানান, ৫০টি মন্দিরের প্রতিমা তৈরিতে তিনি নিযুক্ত রয়েছেন। প্রতিমা তৈরিতে দিন-রাত পরিশ্রম করতে হয়, কিন্তু পারিশ্রমিক সীমিত। শিল্পী শংকর মন্ডল জানান, তিনি ৩৯টি প্রতিমার রং-তুলির কাজ করছেন এবং নড়াইল, যশোর, ঝিনাইদহ ও মেহেরপুরের মন্দিরের অর্ডার পেয়েছেন।
বেজপাড়া পূজা মন্দিরের পুরোহিত নরেন্দ্র নারায়ন চক্রবর্তী বলেন, এবারের দুর্গা প্রতিমা গজে (হাতি) চড়ে কৈলাশ থেকে আসবেন এবং দোলায় (পালকি) ফিরে যাবেন, যা শুভ ও শান্তির প্রতীক।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন ঘোষ জানান, জেলা জুড়ে সব ধর্ম-বর্ণের মানুষের সহযোগিতায় উৎসব আনন্দমুখর হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা ইয়াসমিন বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করা হচ্ছে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

