কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, তিনি কোনো দলের নেতা বা এমপি হয়ে নয়, সেবক হয়ে মানুষের পাশে থাকতে চান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি)সকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর হাজরাবাড়ী দুর্গা মন্দির চত্বরে স্থানীয় বিএনপির আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, “আপনারা আমাকে একবার ভোট দিয়ে পাশে থাকার সুযোগ দিন। নির্বাচিত হতে পারলে আপনাদের সঙ্গে আলোচনা করে এলাকার উন্নয়ন করা হবে।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা এবং খেলাধুলার প্রসারের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
জনগণের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি গৃহিণীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে বিনামূল্যে সার ও বীজসহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা জানান তিনি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রতিটি পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
উঠান বৈঠকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ, নজরুল ইসলাম মহিন, অ্যাডভোকেট ইলিয়াছ হায়দার, অনিমেষ গাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

