কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৬০ টাকাসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সহযোগী সোহেল (৩৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় নবীন ছাত্রাবাসের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় শামীমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
অভিযান পরিচালনাকারী এসআই মো. ফায়জুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়। এ ঘটনায় সোহেল নামে আরও একজন জড়িত রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-২৫, জিআর-৩০৪। পলাতক সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে।
রোববার (২৫ অক্টোবর) গ্রেপ্তার শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

