দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ জাকারিয়া (২৩) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলবোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আহতরা হলেন অটোরিকশার চালক মনিরুল ইসলাম (৪৫), রেবেকা খাতুন (৪২), তাঁর পুত্রবধূ তামান্না (২০) এবং নিহত জাকারিয়ার স্ত্রী রুকাইয়া (২০)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অটোরিকশার চালক মনিরুল ইসলাম জানান, কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনীতে যাচ্ছিলেন তিনি। পথে গোবিন্দপুর চারমাইল এলাকায় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে চালক ও চার যাত্রী আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

