দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চকসু) ভিপি ইব্রাহিম রনি। আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে শহরের মজমপুর গেটে আমির হামজা দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভ্যান, রিকশা, অটোচালক, পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় ডাকসু’র কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোর্য়াদ্দার এবং শহর জামায়াতের আমির এনামুল হক সহ জামায়াত নেতৃবৃন্দ অংশ নেন।
নির্বাচনী প্রচারণা ও পথসভায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চকসু) ভিপি ইব্রাহিম রনি বলেন, যদি আমির হামজা নির্বাচিত হন চাঁদাবাজি-মাদক-দুর্নীতি এবং যারা কিশোর গং গড়ে তুলেছে তাদের চিরতরে কবর রচিত হবে।
তিনি আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে আরেকটি নির্বাচন আছে সেটা গণভোট। বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল গণভোটের মাধ্যমে সে সরকারগুলো আর কখনো সামনে আসতে পারবে না। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী পরিবর্তনের মধ্যে চলে যাবে।
এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় কুষ্টিয়ার ৪টি আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ২৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

