মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে প্রচারণা ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি )দিবাগত রাত ১২টার দিকে পুলিশ ও প্রশাসন এ আটকের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদপুর সদর ইউনিয়নের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ মাগুরা–২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এমবি বাকরের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় তারা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন।
হাসপাতালে চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলী আকবার মোল্যার কাছে কম্বল দিয়ে ভোট চাইতে গেলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এতে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহনুর জামান ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ইউএনও’র নির্দেশে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচনী আইন ভঙ্গের দায়ে তাদের আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

