মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-১ আসন (মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী) থেকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা (ফুটবল প্রতীক)-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় মোল্লাহাট উপজেলার গাংনী স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সর্বাত্মক অংশগ্রহণে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন,“আমি রাজনীতি করছি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তবে বাগেরহাট-১ আসনের বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন,“আমি একজন প্রকৌশলী হিসেবে উন্নয়নের বাস্তব পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। দুর্নীতি ও লুটপাটের রাজনীতি নয়, সৎ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সমর্থন পেলে এই আসনকে একটি মডেল আসনে রূপান্তর করব।”
সভায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাগেরহাট-১ আসন কমিটির সভাপতি মাওলানা নিজামুদ্দীনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বলেন,“এই আসনে আমাদের নিজস্ব কোনো প্রার্থী না থাকায় এবং ইঞ্জিনিয়ার মাসুদ রানা একজন সৎ, যোগ্য ও ইসলামী আদর্শে জীবন পরিচালনাকারী ব্যক্তি হওয়ায় আমরা তাকে সর্বাত্মক সমর্থন দিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ফুটবল প্রতীকের বিজয় নিশ্চিত করব, ইনশাআল্লাহ।”
এছাড়াও জনসভায় স্থানীয় গণ্যমান্য ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যে মাস্টার তৈয়বুর রহমান বক্তব্য রাখেন। তিনি ইঞ্জিনিয়ার মাসুদ রানার সততা, যোগ্যতা ও এলাকার উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।
সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

