দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) ও আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। গুরুতর আহত শিক্ষার্থী একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)। হতাহতরা দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৮টার দিকে ৩ বন্ধু একটি পালসার মোটরসাইকেলে যোগে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ৩জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

