Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন মাওলানা আজীজুর রহমান

বেনাপোল প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ (শার্শা–বেনাপোল) আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমান।

শনিবার(৭ ফেব্রুয়ারি )সকালে শার্শা উপজেলার নাভারনের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে শার্শা ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সভায় সাংবাদিকরা সীমান্তবর্তী এ জনপদের নানা সমস্যা, উন্নয়ন চাহিদা, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা, তথ্যপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা এবং কর্মক্ষেত্রে বিদ্যমান চাপ নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা একটি জবাবদিহিমূলক ও গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরে মাওলানা আজীজুর রহমান বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও দেশে সাংবাদিকরা নানা অবহেলা ও বঞ্চনার শিকার। অর্থনৈতিক সংকট, চাপ ও অনিরাপত্তার মধ্যেও তারা দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিনি দল-মত নির্বিশেষে সততা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে শার্শাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন, বৈষম্যহীন সমাজ এবং প্রতিহিংসা, হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্ত একটি নিরাপদ জনপদ গড়ে তোলার অঙ্গীকার করেন। জলাবদ্ধতা নিরসনে খাল, বিল ও বাওড় দখলমুক্ত করে খনন ও সংস্কারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা এবং বেনাপোলে ৫০ শয্যার আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।

বেনাপোল বন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করা হবে। এ ক্ষেত্রে সিএন্ডএফ এজেন্ট, পরিবহন মালিক, আমদানি-রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন।

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং নারীদের নিরাপদ ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউছুপ আলী, এনসিপির শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদুদৌলা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল্লাহ কাসেমীসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।