স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েল, নড়াইল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানভির সিদ্দিকী আশিক এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অভিযোগে সরদার মেহেদী হাসান সবুজকে সাংগঠনিক পদ থেকে এবং অপর তিনজনকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

