মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঘুড়ি নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদু বর্মন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের বরাম বাজার সংলগ্ন বর্মনপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিদু স্থানীয় জীবন বর্মনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলার সময় সিদুর ঘুড়িটি বৈদ্যুতিক তারে আটকে যায়। তা নামানোর চেষ্টা করতে গিয়ে সে একটি লোহার রডের মাধ্যমে তারের সঙ্গে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত সিদুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির নিমতলা অফিসের ইনচার্জ আরিফ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সানজিত বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং শিশুদের বৈদ্যুতিক তারের আশপাশে খেলাধুলা থেকে বিরত রাখতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

