গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে তরুণ ও যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। “মোবাইল নয়, ক্রিকেট ব্যাট হোক খেলার সঙ্গী” শ্লোগানকে সামনে রেখে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার পূর্ব উজানচরে সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচে মুখোমুখি হয় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ও ইলেভেন স্টার একাদশ। টস জিতে ইলেভেন স্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৬ ওভারের খেলায় তারা ১৫.২ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে সোনালী অতীত ক্লাব ১৬ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১০ রান তুলতে সক্ষম হয়। এতে ইলেভেন স্টার একাদশ ২৯ রানে বিজয়ী হয়।
বিজয়ী দলের মোঃ রানা ব্যাট হাতে ৪৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ২ ওভারে ২ উইকেট শিকার ও চমৎকার ফিল্ডিং করে নজর কাড়েন সোনালী অতীত ক্লাবের সিনিয়র ক্রিকেটার শামীম শেখ। এছাড়া ৩ ওভারের দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট নিয়ে বিশেষ পুরস্কার পান সোনালী অতীত ক্লাবের খেলোয়াড় মোঃ সাজ্জাদ হোসেন।
প্রীতি ম্যাচে কিশোর ক্রিকেটারদের পাশাপাশি সোনালী অতীত ক্লাবের প্রাক্তন খেলোয়াড়রাও অংশ নেন। খেলায় আরও অংশ নেন ফারুক হোসেন মোল্লা, স্কুল শিক্ষক ও সদস্য মোঃ জহিরুল ইসলাম, সুজিত কুমার রায়, দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সুলতান ফকির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীনসহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।
আয়োজকরা জানান, যুব সমাজ যাতে সুস্থ বিনোদনের মাধ্যমে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে পারে, সেই লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।

