ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের একদিন পর মোছা. নাসিমা (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সিরু মিয়ার ইটভাটার পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত নাসিমা উপজেলার সাবদারপুর গ্রামের মৃত নাজমুলের মেয়ে। সে বর্তমানে ছলেমানপুর দাসপাড়ায় তার নানার বাড়িতে বসবাস করছিল।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় নাসিমা। এরপর দিনভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
নিহত কিশোরীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

