মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী ফরম পূরণের টাকা দেওয়ার পরও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন। ফলে তারা চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না।
সোমবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিদ্যালয় মাঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
শিক্ষার্থীরা জানায়, তারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। নির্বাচনী পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হলেও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহকারী নূরে আলম তাদের ফরম পূরণের সুযোগ দেন। এ সময় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয় বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগীদের দাবি, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা করে নেওয়া হলেও তারা প্রবেশপত্র পাননি। অভিযোগ রয়েছে, ২০ শিক্ষার্থীর কাছ থেকে ফরম ফিল-আপের নামে কয়েক লাখ টাকা নেওয়া হয়েছে।
শিক্ষার্থী সেতু, আবৃত্তি, আনিয়া ও স্বর্ণা লিয়নসহ কয়েকজন বলেন, “আমরা অকৃতকার্য হলেও আমাদের কৃতকার্য দেখিয়ে ফরম পূরণের নামে টাকা নেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে প্রবেশপত্র আসেনি। এতে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।”
অন্য শিক্ষার্থী আয়শা, লাবিবা, শান্তা ও শামীম অভিযোগ করে বলেন, “শিক্ষকদের কাছ থেকেই আমরা শিক্ষা নেওয়ার কথা, কিন্তু তারাই আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এমন প্রতারণা মেনে নেওয়া যায় না এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক সোহেল মোড়ল বলেন, “বিষয়টি ভুল হয়েছে। শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।” অফিস সহকারী নূরে আলমও একই ধরনের বক্তব্য দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান খান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

