মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি চুরি হওয়া সিএনজিও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ মে) ভোররাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সারাদিন সোহাগ গাজী এলাকা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল আমিন (৩৬), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩১) এবং একই উপজেলার পোড়াচক বাউশিয়া (ডোহলবাড়ি) এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুহুল আমিন (৩৮)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে সিএনজি চুরি করে তা সংগ্রহ ও ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

