কালকিনি-ডাসার প্রতিনিধি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমী জানান, কারাদণ্ডের পাশাপাশি সিয়ামকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সিয়াম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীর ছেলে। তাঁর বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার আইসার গ্রামে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। প্রশ্নফাঁস কাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুলাইয়ে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন সিয়ামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ৩৭ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এতে সিয়ামের ৩১ লাখ ৮১ হাজার টাকার অসংগতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরে চলতি বছরের ১৭ জুন আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

