বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ (জিওপি)-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা গণঅধিকার পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি বিলুপ্ত করা হয় বলে নিশ্চিত করা হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
জানা গেছে, গত ৪ মে বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বাবুগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠন, গতিশীলতা বৃদ্ধি এবং কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা গণঅধিকার পরিষদের উপ-দপ্তর সম্পাদক মো. হাসান হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে নতুন উপজেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রানা আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং তারা পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

