মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এতিম ও মেধাবী শিক্ষার্থী ফয়েজ খান রাকিবকে বাইসাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের এ মানবিক উদ্যোগে স্থানীয় মহলে প্রশংসার জোয়ার বইছে।
মঙ্গলবার (৫ মে) উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর হাতে বাইসাইকেলটি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
জানা যায়, ফয়েজ খান রাকিব বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। তার বাবা না থাকায় সে এতিম এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। দূরত্বের কারণে প্রতিদিন বিদ্যালয়ে হেঁটে যাতায়াত করতে তার কষ্ট হতো। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের নজরে এলে তিনি তার যাতায়াত ও পড়াশোনা সহজ করতে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নেন।
সাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী ফয়েজ খান রাকিব জানায়, এখন থেকে তার বিদ্যালয়ে যাতায়াত অনেক সহজ হবে এবং নিয়মিত ক্লাস করতে পারবে।
উপহার প্রদানকালে ইউএনও সম্রাট হোসেন বলেন, “মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফয়েজ যেন কোনো বাধা ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই আমাদের এ ছোট্ট প্রয়াস।”
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে মানবিক ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।

