উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাইগা গ্রামে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাবকী বিডির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ ও শিশু উন্নয়নমূলক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় প্রকল্পের লোকাল সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অভিভাবক সমাবেশের পাশাপাশি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সরঞ্জাম, টিউবওয়েল ও ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লোকাল সেন্টার কমিটির সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
তিনি বলেন, বাল্যবিবাহ সমাজের একটি বড় সমস্যা, যা শিশুদের স্বাভাবিক শৈশব, শিক্ষা ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের পড়াশোনার সুযোগ দিতে হবে এবং তাদের স্বপ্ন দেখার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিনী মোছা. লাইজু ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পিএফ বিকাশ চন্দ্র রায়সহ আরও অনেকে।
বক্তারা শিশুদের সার্বিক বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে ২৭৮ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ, ২৭৮টি স্বাস্থ্য সরঞ্জাম, ৪টি টিউবওয়েল এবং ১৭ জন শিশুকে দুইটি করে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

