স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলায় সয়াবিন তেলের বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য উল্লেখ করায় এ জে কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৫ মে) বিকেলে নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি দল এ প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, ‘জারা’ ব্র্যান্ড নামে বোতলজাত সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি বোতলে অতিরিক্ত মূল্য লিখে বিক্রি করছে। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী আধা লিটার তেলের দাম ৯৮ টাকা, ১ লিটার ১৯৯ টাকা এবং ২ লিটার ৩৯৮ টাকা নির্ধারিত থাকলেও প্রতিটি বোতলে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পণ্যের গায়ে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

