মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ইয়াবা সেবনের অভিযোগে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চালকিডাঙ্গা গ্রামের সোনাউল্লাহ গাজীর ছেলে নেছার উদ্দিন (৪৫), মুড়াগাছা গ্রামের মান্দার মোড়লের ছেলে আব্দুল আজিজ মোড়ল (৪০), বেগমপুর এলাকার ফারুক হোসেনের ছেলে হাসিব হোসেন (২৩) এবং মাহাতাব নগরের আব্দুল মান্নানের ছেলে শাওন হোসেন (২৫)।
এর মধ্যে নেছার উদ্দিন ও আব্দুল আজিজকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং হাসিব হোসেন ও শাওন হোসেনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) ব্রজেন্দ্রনাথ গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত চারজনকে রাতেই যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

