নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলী জাকের (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী।
রোববার দিবাগত রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলী জাকের পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামুল হকের ছেলে। তবে আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলী জাকেরসহ তিনজন মোটরসাইকেলে করে নওহাটা মোড় থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী জাকেরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।”

