Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁয় এক রাতে প্রাণ গেল ১৬ জনের

নওগাঁ প্রতিনিধি
মে ২৫, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁ জেলার বাসিন্দা। একই রাতে নওগাঁয় পৃথক আরও দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ায় জেলায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৬ জনে। নিহতদের মধ্যে ১৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকি দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, সোমবার (২৫ মে) ভোরে রডবোঝাই একটি ট্রাকে করে কয়েকজন শ্রমিক বাড়ি ফিরছিলেন। ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীরা চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং অন্তত ৮ জন আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। উদ্ধার অভিযানে মহাসড়ক পুলিশ, এলেঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

টাঙ্গাইলে নিহত নওগাঁর ১৩ জনের মধ্যে মান্দা উপজেলার ১০ জন হলেন— রাজেন্দ্রবাটি গ্রামের তারেক আলী, বাদশা (৩০), আব্দুল বারিক (২০), সোহাগ আলী (৩৩), রবিউল ইসলাম (২৮), মাইনুর রহমান (৩২), সাগর আলী (২০), পাকুড়িয়া নিচপাড়া গ্রামের মায়নুল ইসলাম (২৫), গিয়াস উদ্দিন (২২) এবং মুর্শিদপুর গ্রামের সুজন আলী (৩৫)। এছাড়া নিয়ামতপুর উপজেলার মালঞ্চি গ্রামের সারিকুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। বাকি দুজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে, মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী আলী জাকের (২২) নিহত হন। তিনি বদলগাছী উপজেলার গাবনা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

এদিকে পত্নীতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার আবু হাসান (৪৬) এবং ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার তরিকুল ইসলাম (৪৫)। জানা গেছে, নজিপুর থেকে ফতেপুর বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

দুর্ঘটনাগুলোতে আহতদের মধ্যে অধিকাংশই মান্দা উপজেলার বাসিন্দা। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা সংশ্লিষ্ট তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।