আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া মাঝপাড়া তেঁতুলতলা তরুণ সংঘের উদ্যোগে ৮ দলীয় আঞ্চলিক নকআউট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) বিকাল ৩টায় খেজুরবাড়িয়া মাঝপাড়া মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক শহীদ মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিউল আহসান পলাশ, সাবেক পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নবাব আলী, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আহম্মদ আলী মোল্যা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইদ হাসান এবং জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগী হাফিজুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন ঘোষণা করেন।
এসময় মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৮টি দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলায় বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

