Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় দেড় মাস ধরে নিখোঁজ যুবক: কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি 
মে ২৬, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা মিরাজ শেখকে কোস্ট গার্ড পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ এনে তার সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ মিরাজ শেখের বোন লিজা ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ১০ এপ্রিল সন্ধ্যায় জয়মনি এলাকার ঠোটার একটি চায়ের দোকান থেকে দুইজন সিভিল পোশাকধারী কোস্ট গার্ড সদস্য মিরাজকে আটক করে হাড়বাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সেখানে তাকে মারধরের পর মোংলার দিক থেকে আসা “বাংলাদেশ কোস্ট গার্ড” লেখা একটি স্পিডবোটে থাকা ৭–৮ জন ইউনিফর্মধারী সদস্য তার ছবি ও ভিডিও ধারণ করে অন্যত্র নিয়ে যায়। ঘটনাটি স্থানীয় গ্রামবাসী ও তার স্ত্রীর উপস্থিতিতেই ঘটে বলে দাবি পরিবারের।

পরিবারের অভিযোগ অনুযায়ী, মিরাজের ব্যবহৃত মোটরসাইকেলটি প্রথমে স্থানীয় দোকানদার আল আমিনের জিম্মায় রাখা হলেও ৮–১০ দিন পর রাতে দুইজন কোস্ট গার্ড সদস্য এসে সেটি নিয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ মিরাজের মা তাসলিমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম। সন্তানের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা তাসলিমা বেগম। তিনি বলেন, “আমার ছেলেকে যদি মেরে ফেলা হয়, অন্তত তার লাশটা আমাদের দেওয়া হোক।”

পরিবারের দাবি, ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হাড়বাড়িয়া কোস্ট গার্ড স্টেশনের এক সদস্যের সঙ্গে তাদের একাধিকবার যোগাযোগ হয় এবং তিনি মিরাজ তাদের হেফাজতে থাকার বিষয়টি স্বীকার করেন। তবে পরে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে বিষয়টি অস্বীকার করা হয়।

এ বিষয়ে পরিবার দ্রুত তদন্তের মাধ্যমে মিরাজ শেখের সন্ধান নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে।

অন্যদিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তির বিষয়ে কোস্ট গার্ডের কাছে কোনো তথ্য নেই এবং তুলে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।