Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিরনিদ্রায় শায়িত টাঙ্গাইলে নিহত ৯ যুবক, শোকে স্তব্ধ মান্দার তিন গ্রাম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ৯ যুবককে মঙ্গলবার দাফন করা হয়েছে। স্বজনদের কান্না আর আহাজারিতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মুশিদপুর গ্রাম।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ছয় যুবকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাদের মরদেহ স্থানীয় সরকারি কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজা শেষে আরও তিনজনকে দাফন করা হয়।

নিহতদের শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন হারানোর বেদনায় বারবার মূর্ছা যান নিহতদের পরিবারের সদস্যরা।

জানাজায় উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত প্রত্যেক পরিবারের জন্য নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে দাফনের জন্য আরও ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহতরা সবাই ফেরিওয়ালা ছিলেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তারা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে তারা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে সোমবার ভোর সোয়া ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। এতে ১৫ জন নিহত হন। তাদের মধ্যে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ জন ছিলেন।

নিহতরা হলেন রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া (২১), আব্দুল বারিক (২০), বাদশা মিয়া (৩০), সোহাগ হোসেন (২১), রবিউল ইসলাম (২৮), সাগর হোসেন (২০), পাকুড়িয়া গ্রামের মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২৩), এবং মুশিদপুর গ্রামের মইনুল ইসলাম (৩৫)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।