ঝিনাইদহ প্রতিনিধি
শৈলকুপায় রাতের আঁধারে হামলা চালিয়ে এক ইজিবাইক চালকের গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(২৬ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পৌরসভার মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক ইসমাইল হোসেন উপজেলার ইটালি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া পরিবহন শেষে নিজ বাড়িতে ফিরছিলেন চালক ইসমাইল। পথে পৌরসভার মঠবাড়ি এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে আকস্মিক হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়।
প্রাণ রক্ষার্থে ইসমাইল ইজিবাইক ফেলে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। সুযোগে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

