বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মহাসড়কে নেমেছে জামালপুর ৩৫ বিজিবি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন বিজিবির সদস্যরা।
বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর ৩৫ বিজিবির সদর দপ্তর।
বিজিবি সূত্র জানায়, আগামী ৩১ মে পর্যন্ত মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়লেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যমুনা সেতুর পূর্বপাড় টোল প্লাজা এলাকায় দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়।
এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগেভাগেই মাঠে নেমেছে জামালপুর ৩৫ বিজিবি। ইতোমধ্যে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় বিজিবির সদস্যরা অবস্থান নিয়ে যানজট নিরসন, শৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছেন।
বিজিবি কর্মকর্তারা জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন।

