যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে একটি মাছের ঘেরে বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। ভুক্তভোগী ঘের মালিকের দাবি, এতে তার প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের পশ্চিমপাড়া বালিয়াডাঙ্গা বিলে শেখ রফছানের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বুধবার (২৭ মে) দুপুরে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত ঘের মালিক।
শেখ রফছান জানান, তার চার বিঘা জমির মাছের ঘেরে চিংড়ি, কাতলা, রুই ও মৃগেল মাছ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় মাছের খাবার দিয়ে তিনি বাড়ি ফিরে যান। পরদিন সকালে ঘেরে এসে দেখেন সব মাছ মরে পানিতে ভেসে রয়েছে। এছাড়া ঘেরের বাছাইকৃত বড় চিংড়ি মাছগুলোও দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি হিদিয়া বাজারে মাদক কারবারিদের বিরুদ্ধে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই সমাবেশকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারীরা তার ঘেরে বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধন করেছে।
শেখ রফছান আরও বলেন, “এ ঘটনায় আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “ঘেরের মাছ মেরে ফেলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

