Nabadhara
ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় অগ্নিকাণ্ডে মানসিক রোগীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
মে ২৭, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার (জোড় পুকুরিয়া) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম (৪০) নামে এক মানসিক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পার্শ্ববর্তী কোলা ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, হলুদবিহারের জোড় পুকুরিয়া এলাকায় সরকারি খাসজমিতে ৪-৫টি অসহায় পরিবার বসবাস করতেন। বুধবার সকালে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরের ভেতরে আটক অবস্থায় ছিলেন রফিকুল ইসলাম।

ঘটনাস্থলটি জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় আগুন লাগার সময় সেখানে কোনো পুরুষ মানুষ উপস্থিত ছিলেন না। স্থানীয় নারীরা আগুন নিয়ন্ত্রণ ও রফিকুল ইসলামকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে জীবিত বের করতে পারেননি।

স্বজনরা জানান, প্রায় চার মাস আগে একই এলাকার একটি পুকুরে ডুবে রফিকুল ইসলামের ভাইয়ের মৃত্যু হয়। এরপর থেকেই তার মানসিক অবস্থার আরও অবনতি ঘটে। গত দুই মাস ধরে তার আচরণ অস্বাভাবিক হয়ে পড়ায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে আটকে রাখতেন।

চরম দরিদ্র পরিবারটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে বসবাসের পর সর্বশেষ সরকারি খাসজমিতে আশ্রয় নেয়। পরিবারের উপার্জনক্ষম কোনো সদস্য না থাকায় বৃদ্ধা মা সুফিয়া বেগম (৫৬) ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। একমাত্র ছেলের এমন করুণ মৃত্যুতে তিনি প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির ধূমপানের অভ্যাস ছিল। তার এক হাত খোলা ছিল। ধূমপান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।”

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য পরিবারকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।