দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (তারিখ) দুপুর ১টার দিকে উপজেলার জামালপুর মাঠপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার বিকেল ৩টার দিকে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৫২/৭-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় জামালপুর মাঠপাড়া এলাকা থেকে মো. জামিরুল প্রামানিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক জামিরুল সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত আমিরুল প্রামানিকের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ৩ বোতল ভারতীয় মদ ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

