Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত দুই জেলে ৩৪ দিন পর মুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মে ২৯, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত শরণখোলার দুই জেলে ৩৪ দিন পর মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। বুধবার (২৭ মে) সকালে মুক্তিপণ দিয়ে তারা পরিবারের কাছে ফিরে আসেন। দীর্ঘদিন দস্যুদের কবলে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় শারীরিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন তারা।

মুক্তিপ্রাপ্ত জেলেরা হলেন শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের সগীর বয়াতী (৪০) এবং বকুলতলা গ্রামের সরোয়ার হোসেন (৩৮)। জানা গেছে, এখনও পাথরঘাটা ও শরণখোলার অন্তত ১০ জেলে বনদস্যুদের হাতে জিম্মি রয়েছেন।

ফিরে আসা জেলেরা জানান, গত এপ্রিল মাসের শেষের দিকে শরণখোলা ফরেস্ট রেঞ্জ অফিস থেকে পাশ নিয়ে তারা সুন্দরবনের ছোট খাজুরা এলাকায় মাছ ধরতে যান। এ সময় একটি নৌকায় থাকা ছয় জেলের মধ্য থেকে সগীর ও সরোয়ারকে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায় দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

তারা আরও জানান, বন্দিদশায় দস্যুরা তাদের দিয়ে দিন-রাত নৌকা চালাতো। ঠিকমতো খাবার ও ঘুমের সুযোগ ছিল না। বুনো মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েন তারা। সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে। প্রতিপক্ষ দস্যু বাহিনীর হামলার আশঙ্কাও ছিল সারাক্ষণ।

জেলেদের ভাষ্য, সম্প্রতি বনদস্যু শরিফ বাহিনী ও জাহাঙ্গীর বাহিনীর মধ্যে সংঘর্ষের পর জাহাঙ্গীর বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে তাদের হাতে তিনটি আগ্নেয়াস্ত্র রয়েছে, যা দিয়ে তারা দস্যুতা চালিয়ে যাচ্ছে।

অপহৃত জেলেরা অভিযোগ করেন, নিয়মিত চাঁদা দেওয়ার পরও তাদের অপহরণ করা হয়েছে। দস্যুদের চাঁদাবাজি ও নির্যাতনে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। এ কারণে ভবিষ্যতে সুন্দরবনে মাছ ধরার পেশা ছেড়ে দেওয়ার চিন্তাও করছেন তারা।

সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য ও সমাজসেবক ওবায়দুল শেখ বলেন, বনদস্যুদের তাণ্ডবে শরণখোলার জেলেরা চরম আতঙ্কে রয়েছেন। চাঁদাবাজির কারণে অনেকে সুন্দরবনে মাছ ধরা বন্ধ করার কথা ভাবছেন। এতে দরিদ্র জেলে পরিবারগুলো মারাত্মক আর্থিক সংকটে পড়বে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন বনদস্যুদের হাতে জিম্মি থাকার পর দুই জেলের ফিরে আসার খবর তারা জেনেছেন। বনরক্ষীরা দস্যুদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করছেন এবং নিয়মিত অভিযান পরিচালনা করছেন। আশা করা যাচ্ছে, অচিরেই সুন্দরবন দস্যুমুক্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।