শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
“স্মৃতির আঙিনায় আবার এই স্লোগান”—এই শিরোনামে চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের পুনর্মিলনী, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর প্রিয় বন্ধুদের ফুল দিয়ে বরণ, কেক কাটা এবং দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে যায়।
এসএসসি ২০০৮ ব্যাচের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের শৈশব ও কিশোর বয়সের স্মৃতিচারণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে পুরো পরিবেশ আনন্দঘন হয়ে ওঠে। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও শিক্ষাঙ্গনের নানা স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন তারা।
আয়োজকরা জানান, ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন ও যোগাযোগ আরও সুদৃঢ় করতে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোল্লা শাহাবুদ্দিন, প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

