বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শাওন হাসান (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও রোববার (৩১ মে) দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শাওন হাসান উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ১২ জন বন্ধুর সঙ্গে সানন্দবাড়ী মন্ডলপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে শাওন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল শনিবার বিকেল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে অনেক খোঁজাখুঁজির পরও শাওনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেকে সেলিম বলেন, “শনিবার দুপুর থেকে শাওন নিখোঁজ রয়েছে। ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা আশা করছি দ্রুত তাকে উদ্ধার করা যাবে।”
এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

