নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে মাশফিক (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে উপজেলার কয়াপাড়া গ্রাম সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাশফিক ওই গ্রামের মামুনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাশফিক তার কয়েকজন সহপাঠীর সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে অসাবধানতাবশত সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় পর নদী থেকে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

