Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পারিবারিক পথ ঘিরে এক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত পারিবারিক যাতায়াতের পথ ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানাসহ বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গুনাকরকাটি উত্তরপাড়ার মৃত জালাল উদ্দীন গাজীর ছেলে মনির হোসেন ও তার পরিবার বাপ-চাচাদের ১.৬৪ একর জমির ওপর বসবাস করে আসছেন। তাদের দাবি, বাপ-চাচাদের আমল থেকে ব্যবহৃত একটি পারিবারিক পথ দিয়ে তারা যুগের পর যুগ যাতায়াত করে আসছেন। শরিকি সূত্রে প্রাপ্ত ২৫ শতক জমির পাশাপাশি ক্রয়কৃত আরও ৮৫ শতক জমি তাদের নামে রেকর্ডভুক্ত রয়েছে এবং পারিবারিক সমঝোতার ভিত্তিতে সবাই নিজ নিজ অংশ ভোগদখল করে আসছেন।

মনির হোসেন জানান, তাদের বসতবাড়ি পথের পূর্ব পাশে এবং প্রয়াত পিতার বসতঘর পশ্চিম পাশে অবস্থিত। বর্তমানে তার মা ওই ঘরে বসবাস করেন। দীর্ঘদিন ধরে চাচা কামাল উদ্দীন ও তার ছেলেরা জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিলেন। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করা হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

অভিযোগে আরও বলা হয়, রোববার (৩১ মে) সকালে কামাল উদ্দীন, তার স্ত্রী ও সন্তানরা পারিবারিক পথের মুখ এবং মনির হোসেনের বাড়ি থেকে মূল পথে ওঠার স্থান বাঁশ ও কঞ্চি দিয়ে ঘেরাবেড়া দিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। এ সময় মনির হোসেনের মা প্রতিবাদ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর মনির হোসেন থানায় এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয় এবং তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য আহ্বান জানায়।

পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি কার্যত অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা দ্রুত সমস্যা সমাধানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।