শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে বালু ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পুলিশ সদস্য ও তার স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে উপজেলার রাজগঞ্জ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মামুন হাসান জুয়েল ঢাকার ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে কর্মরত। তিনি দাবি করেন, পারিবারিক মালিকানাধীন বালু বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টির সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা চলাকালে তার ওপর হামলার ঘটনা ঘটে।
জুয়েলের অভিযোগ, ওই দিন বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে শার্শার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে একদল ব্যক্তি তার গতিরোধ করে। পরে তাকে জিআই পাইপ ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তার ফুফা আব্দুল বারিককেও মারধর করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শার্শা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কিছু লোকজন উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিল। পরে পরিস্থিতি শান্ত করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হামলার ঘটনায় শ্যামলাগাছি গ্রামের সুজন, সবুজ হোসেন, লাটু ও পিন্টুর নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর আব্দুল বারিক শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার তথ্য অনুযায়ী, জিডি নম্বর-১৪৯৮, তারিখ ২৯ মে ২০২৬।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ঘটনাটি নিয়ে জিডি হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

