নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার ৮ নম্বর বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান (৭৩)-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ মে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ঈদের নামাজ আদায় ও কোরবানির পশু জবাইয়ের পর নিজ বাড়িতে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
পরদিন ২৯ মে শুক্রবার সকাল ১০টায় নিজ গ্রাম কোমারপুরের পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় বদলগাছী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান একজন সজ্জন, পরোপকারী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে কোমারপুর গ্রামসহ পুরো উপজেলায় শোকের আবহ বিরাজ করছে।

