মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং দাফন সম্পন্ন হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাজুড়েও বিরাজ করছে গভীর শোকের ছায়া।

