নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া কাপড় উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে একটি টেক্সটাইল মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে সতর্ক করে প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সহায়তায় নরসিংদী সদর ও পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ পারভেজ মিয়া। এছাড়া ফিল্ড অফিসার (সিএম) ও পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ অভিযানে অংশ নেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসটিআই নরসিংদীর উপপরিচালক ও অফিসপ্রধান মোহাম্মদ শফিকুল আলম এবং সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়।
অভিযানে মাধবদী এলাকার মেসার্স ইসলাম টেক্সটাইল মিলস-এ বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া কাপড় উৎপাদন, বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়ায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া মাধবদীর মেসার্স নিউ স্বর্ণালী ফায়ার এক্সটিংগুইশার লিমিটেড-এ বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া ফায়ার এক্সটিংগুইশার উৎপাদন, বিক্রয় ও বিতরণ এবং অবৈধভাবে রিফিল করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একই সঙ্গে দ্রুত সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অপরদিকে পলাশ উপজেলার ডাঙ্গা এলাকার মেসার্স আরএফএল প্রাইভেট লিমিটেড-এ বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া এয়ার কন্ডিশনার অন্যান্য ব্র্যান্ডের নামে উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে প্রতিষ্ঠানটিকেও সতর্ক করা হয়। পাশাপাশি দ্রুত মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাস্বার্থ রক্ষা, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

