বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকায় একটি নির্মাণাধীন বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে মা ও শিশুকন্যাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় ডাকাত দল।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকার সুমন হাওলাদারের নির্মাণাধীন বাড়ির ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তারা সুমন হাওলাদারের স্ত্রী রুমা আক্তার ও তাদের আট বছর বয়সী মেয়ে সামিয়া আক্তারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।
রুমা আক্তার জানান, তার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে একাই ছিলেন। রাতে মেয়ে বাথরুমে যাওয়ার জন্য ডাকলে তিনি ঘুম থেকে ওঠেন। এ সময় ঘরের ভেতরে ডাকাতদের দেখতে পেয়ে চিৎকার করতে গেলে এক ডাকাত তার গলায় ধারালো ছুরি ধরে এবং শিশুকন্যাকে হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা সিন্দুকের চাবি নিয়ে সেখানে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক চৌকিদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। কার্যকর পুলিশি টহল ও নজরদারির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। একই সঙ্গে এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের অবাধ বিচরণও উদ্বেগজনক। তিনি দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সমাজসেবক সরোয়ার শরীফ ও আব্দুল হাকিম বলেন, এলাকায় মাদক কারবার ও অপরাধ প্রবণতার মধ্যে সম্পর্ক রয়েছে। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

